নির্বাচনী ইশতেহার

সমৃদ্ধ আগামীর লক্ষ্যে আমাদের অঙ্গীকার

আমার স্বপ্ন, আমার ইশতেহার

একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ গড়ার অঙ্গীকার

পার্বতীপুর ও ফুলবাড়ীর সর্বাঙ্গীণ উন্নয়নে আমার অঙ্গীকারনামা। মানসম্মত শিক্ষা, উন্নত জনস্বাস্থ্য এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এক মহাপরিকল্পনা। চলুন, সততা ও ন্যায়বিচারের ভিত্তিতে আমরা গড়ি এক সমৃদ্ধ ও আধুনিক জনপদ।

জনতার ইশতেহার ০১

পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার সরকারি কলেজসমূহে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বছরে দুইবার ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম চালু করা। (এই প্রোগ্রামগুলো বাস্তবায়নে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত থাকবেন।)

জনতার ইশতেহার ০২

পার্বতীপুর-ফুলবাড়ীতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। একইসাথে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মৌলিক অধিকার, সুরক্ষা এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জনতার ইশতেহার ০৩

ফুলবাড়ী সরকারি কলেজকে মাস্টার্স পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ০৪

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা তহবিল গঠন।

জনতার ইশতেহার ০৫

পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ০৬

গ্রামের সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে ওষুধ নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ‘কমিউনিটি ফার্মেসি’ স্থাপন করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ০৭

শিল্প ও খনি এলাকায় খনি শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রতি ৬ মাসে বিশেষ মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প চালু করা হবে।

জনতার ইশতেহার ০৮

আমাদের অঙ্গীকার প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান। পার্বতীপুর-ফুলবাড়ীতে আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি আমাদের লক্ষ্য।

জনতার ইশতেহার ০৯

একটি এক্সপোর্ট প্রসেসিং জোন (EPZ) স্থাপন করা হবে, যেখানে পার্বতীপুর-ফুলবাড়ীর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

জনতার ইশতেহার ১০

‘ইন্ট্রাকো’ কোম্পানির মাধ্যমে কয়লাখনির পিছনের পরিত্যক্ত জলাশয়ে ফ্লোটিং সোলার প্যানেল স্থাপন; একই সঙ্গে মৎস্য চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদন করে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে।

জনতার ইশতেহার ১১

পার্বতীপুর-ফুলবাড়ীতে কৃষিভিত্তিক শিল্প, হিমাগার ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য দামে সময়মতো বিক্রি করতে পারে।

জনতার ইশতেহার ১২

মৎস্যচাষীদের জন্য একটি বিশেষ ‘মৎস্য চাষ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র’ স্থাপন করা হবে।

জনতার ইশতেহার ১৩

PPP মডেলে কয়লা, কঠিন শিলা পাথর ও তেলভিত্তিক শিল্পকারখানা স্থাপনে গুরুত্ব দেওয়া হবে। শর্ত থাকবে-পার্বতীপুর ফুলবাড়ী অঞ্চলের সন্তানদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।

জনতার ইশতেহার ১৪

পার্বতীপুরের জরাজীর্ণ রেল জংশন আধুনিকায়ন এবং রেল পরিবহন ও রেল বাণিজ্য সুবিধা সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ১৫

পার্বতীপুর-ফুলবাড়ীতে মোট প্রায় ১৩০০ কিমি সড়ক রয়েছে, যার মধ্যে ৭০২ কিমি এখনো কাঁচা। আগামী ৫ বছরে পার্বতীপুর-ফুলবাড়ীর সকল কাঁচা রাস্তা পাকা করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ১৬

জরাজীর্ণ মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ও আদিবাসী উপাসনালয়ের সংস্কার ও উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা হবে।

জনতার ইশতেহার ১৭

ফুলবাড়ী শহরের মানুষের ভোগান্তি কমাতে হাইওয়ের যানজট দূর করার জন্য বিকল্প বাইপাস সড়ক করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ১৮

মোবাইল অ্যাপভিত্তিক একটি সফটওয়্যার চালু করা হবে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও দখলদারির অভিযোগ জানানো যাবে এবং প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

জনতার ইশতেহার ১৯

সংসদ সদস্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা পরিষদে দুটি বড় LED স্ক্রিন স্থাপন করা হবে, যেখানে দিনাজপুর-৫ আসনের বরাদ্দ ও ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

জনতার ইশতেহার ২০

আমি নির্বাচিত হলে ২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার ও পুনঃপর্যালোচনায় সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোরালো ভূমিকা রাখবো। পাশাপাশি ভুক্তভোগীদের আইনগত সহায়তা নিশ্চিত করবো।

জনতার ইশতেহার ২১

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সহায়তার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

জনতার ইশতেহার ২২

সুদমুক্ত ঋণে নারীদের জন্য মাশরুম চাষ প্রকল্প এবং একটি মাশরুম প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন, যার মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি।

জনতার ইশতেহার ২৩

পার্বতীপুর-ফুলবাড়ীতে মাদক ব্যবসা ও অনলাইন জুয়া/ক্যাসিনো—দুটোই যুবসমাজ ও পরিবার ধ্বংস করছে। আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ী ও জুয়া সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসনের মাধ্যমে কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা নিশ্চিত করব। একইসাথে আসক্তদের জন্য চিকিৎসা-পুনর্বাসন এবং যুবকদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। দিনাজপুর-৫ কে মাদক ও জুয়ামুক্ত নিরাপদ জনপদ গড়াই আমাদের অঙ্গীকার।

জনতার ইশতেহার ২৪

আমি নির্বাচিত হলে ফুলবাড়ী উপজেলায় একটি আধুনিক নতুন স্টেডিয়াম নির্মাণ এবং পার্বতীপুর স্টেডিয়াম পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করব। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নিয়মিত টুর্নামেন্ট এবং ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দিনাজপুর-৫ হবে খেলাধুলা ও সুস্থ যুবসমাজের আদর্শ জনপদ।

জনতার ইশতেহার ২৫

উচ্ছেদ নয়-সমাধান চাই; সংঘাত নয়-সমঝোতা চাই। পার্বতীপুরে রেলওয়ে খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর বিষয়টি অত্যন্ত মানবিক ও বাস্তব। আমি নির্বাচিত হলে রেলওয়ে বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি গঠন করে আইনসম্মতভাবে একটি স্থায়ী সমাধান ও পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে সংসদে ও মন্ত্রণালয়ে জোরালো উদ্যোগ নেব। কোনো পরিবারকে বিনা নোটিশে বা বিনা পুনর্বাসনে উচ্ছেদ করতে দেওয়া হবে না।

কেন আমাকে ভোট দেবেন?

একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আমাকে ভোট দিন।

আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত জনপদ নিশ্চিত করতে। আমি কেবল কথা নয়, কাজে বিশ্বাসী। আপনাদের সেবায় আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

অভিজ্ঞতা ও পেশাদারিত্ব

দীর্ঘদিন যাবৎ আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতা আমার রয়েছে। সঠিক পরিকল্পনা এবং পেশাদারিত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।

সুদৃঢ় লক্ষ্য

একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা আমার আছে। আমি এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

সততা ও স্বচ্ছতা

আমি বিশ্বাস করি স্বচ্ছতাই নেতৃত্বের মূল শক্তি। প্রশাসনিক প্রতিটি কাজে সততা বজায় রাখা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান অঙ্গীকার।

আমার সাথে যোগ দিন

পার্বতীপুর ও ফুলবাড়ীর উন্নয়নে আমার সহযাত্রী হতে চান? চলুন একসাথে গড়ি আগামী দিনের সমৃদ্ধ ভবিষ্যৎ।

আমি বিশ্বাস করি, একা নয় বরং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে আমাদের প্রিয় এলাকাকে বদলে দিতে। আমার লক্ষ্য ও আদর্শের সাথে একাত্ম হয়ে আধুনিক সমাজ বিনির্মাণে সরাসরি ভূমিকা রাখতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।